আমাদের আজকের আলোচনা বিষয় –জাতীয়করণের আওতাভুক্ত শিল্প। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
জাতীয়করণের আওতাভুক্ত শিল্প

অতীতের শিল্পোন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত ব্যবস্থা গৃহীত হয় উহাতে মানুষের মৌলিক প্রয়োজনের প্রতি চরম অবহেলা প্রদর্শন করা হইয়াছে । আমাদের সমাজে শিল্পোন্নয়নের মৌলিক লক্ষ্য হইবে-
(ক) এমন একটি শিল্প-ব্যবস্থার প্রবর্তন করা যাহাতে মানুষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য বিশেষভাবে নিত্য ব্যবহার্য দ্রব্যাদির প্রয়োজন মিটানো সম্ভব।
(খ) মৌলিক প্রয়োজনীয় দ্রব্যাদির জন্য বৈদেশিক সম্পদের উপর আমাদের নির্ভরশীলতা হ্রাস।
(গ) কর্ম-সংস্থানের ব্যবস্থা।
অতীতের শিল্পোন্নয়নের ক্ষেত্রে গৃহীত বিভিন্ন ব্যবস্থা আমাদের লক্ষ্য অজ্যনের পক্ষে মোটেই সহায়ক হয় নাই। তদুপরি, সেই সমস্ত ব্যবস্থার ফলে আমাদের অতি সীমিত বৈদেশিক ঋণ ও বৈদেশিক মুদ্রার প্রচুর অপচয় হইয়াছে। বর্তমানে মানুষের মৌলিক প্রয়োজন মিটাইবার জন্য শিল্পোন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। তন্মধ্যে নিম্নলিখিত ব্যবস্থা উল্লেখযোগ্য-
(ক) মাঝারি শিল্প
আমাদের সরকারকে বে-সরকারী খাতে মাঝারি শিল্পের উন্নয়নের জন্য জনসাধারণকে উৎসাহ দান করিতে হইবে। তবে নিয়ম ও শৃঙ্খলা রক্ষার খাতিরে সেই সমস্ত শিল্পকে বিভিন্ন পরিকল্পনা ও নিয়ন্ত্রণ সংস্থার নিয়ন্ত্রণাধীনে পরিচালনা করিতে হইবে।
(খ) ক্ষুদ্র ও কুটির শিল্প
আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ অত্যন্ত প্রয়োজনীয়। এই সমস্ত শিল্পের বিকাশের জন্য আমরা বিভিন্নভাবে সাহায্য ও সহায়তা করিব। কাঁচামাল সরবরাহ যেমন তন্ত্রবায়ের নিকট ন্যায্যমূল্যে সূতা সরবরাহ, ঋণদান ও উৎপাদিত দ্রব্যাদি বিক্রয়ের ব্যবস্থা করিয়া কুটিরশিল্পকে সর্বতোভাবে সাহায্য করিতে হইবে।
ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানকে সবচেয়ে বেশী গুরুত্ব প্রদান করিতে হইবে। ক্ষুদ্র শিল্প যাহাতে বৃহৎ শিল্পের পরিপূরক হইতে পারে তাহার ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। যতদূর সম্ভব সমবায় ভিত্তিতে ক্ষুদ্র শিল্পের বিকাশ সাধনে চেষ্টা করিতে হইবে। এই ভিত্তিতে চাউলের কল, ময়দার কল, চিনির কল, হস্তচালিত পাটের তাঁত ও অনুরূপ অন্যান্য শিল্প প্রতিষ্ঠা করিতে হইবে।

দেশের সর্বত্র পল্লীর আনাচে কানাচে যাহাতে ক্ষুদ্র শিল্প গড়িয়া উঠিতে পারে তজ্জন্য যত্নবান হইতে হইবে। ইহার ফলে পল্লী অঞ্চলের জনসাধারণ শিল্পের প্রত্যক্ষ ফল লাভে সক্ষম হইবেন এবং শহরে বেকার জনসংখ্যার চাপ হ্রাস পাইবে।
