আমাদের আজকের আলোচনা বিষয় –দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও সমাজ উন্নয়ন। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও সমাজ উন্নয়ন

ক) দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে দারিদ্র্য বিমোচনকে আওয়ামী লীগ সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় হিসেবে গণ্য করে। এ-ক্ষেত্রে ইতিপূর্বে আওয়ামী লীগ সরকার যেসব যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিল, তা অব্যাহত থাকবে।
খ) দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তির লক্ষ্যে শিক্ষিত, দক্ষ মানব-সম্পদ গড়ে তুলে দেশের শিল্পায়ন ও কৃষির উন্নয়নকে ত্বরান্বিত করতে আওয়ামী লীগ সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
গ) সমাজের হত-দরিদ্র নারী-পুরুষের সামাজিক নিরাপত্তা বিধানে আওয়ামী লীগ সরকারের প্রদত্ত ‘বয়স্ক ভাতা’ এবং বিধবা, স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা’ ভবিষ্যতে আরও সম্প্রসারিত করা হবে।
ঘ) দারিদ্র নিরসন ও গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধির লক্ষ্যে ‘একটি বাড়ি একটি খামার’ কর্মসূচি বাস্তবায়নের ভেতর দিয়ে প্রতিটি কৃষকের বাড়িকে একটি আদর্শ খামারে পরিণত করা হবে। ফসল উৎপাদন, মৎস্য চাষ, হাঁস-মুরগি ও গবাদি পশু পালন, ফলজ বৃক্ষরোপণ এবং পরিবেশসম্মত বসতবাড়ির আন্তিনা রচনা, আয় বর্ধনমূলক কাজে নারীর অংশগ্রহণ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে এই কর্মসূচি বৈপ্লবিক অবদান রাখবে। একই সঙ্গে এটিকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলা হবে।
ঙ) প্রত্যেক উপজেলায় খোলা হবে কর্মসংস্থান ব্যাংকের শাখা। যুব প্রশিক্ষণ কর্মসূচি আরও জোরদার ও সম্প্রসারণ করা হবে। উৎসাহিত করা হবে তরুণ উদ্যোক্তাদের। সমবায় ব্যবস্থাকে আরও সুসংগঠিত এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে।
চ) শহুরে বস্তিবাসীদের ‘ঘরে ফেরা’ কর্মসূচি আরও কার্যকর এবং আকর্ষণীয় করে তোলা হবে। ১৫ হাজার বস্তিবাসীর পুনর্বাসনের লক্ষ্যে ঢাকার ভাষানটেকে আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত বহুতল ভবন নির্মাণ সম্পন্ন করা হবে এবং পর্যায়ক্রমে পুনর্বাসনের এই ধরনের আরও কর্মসূচি গ্রহণ করা হবে।
ছ) ‘আদর্শ গ্রাম’ প্রকল্প অব্যাহত থাকবে। পরিকল্পিত আরও ৪৮ হাজার ছিন্নমূল পরিবারকে আগামী পাঁচ বছরে পুনর্বাসিত করা হবে। নদী ভাঙনে গৃহহীন-ভূমিহীন নিঃস্ব পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত ৩১টি জেলায় পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন ও তা সম্প্রসারণ করা হবে।

জ) দারিদ্র্য নিরসন ও ভিক্ষাবৃত্তি বন্ধে আরও সৃজনশীল কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়িত করার কর্মকৌশল গ্রহণ করা হবে।
