আমাদের আজকের আলোচনা বিষয় –দেশবাসীর কাছে আহ্বান। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।
দেশবাসীর কাছে আহ্বান

প্রিয় দেশবাসী,
আপনারা জানেন বিগত শাসক গোষ্ঠীর কৃতকর্মের জন্য প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ গভীর সংকটে নিপতিত। দেশবাসী আর অতীতের বিএনপি-জামাত জোটের সেই দুঃশাসনের রাজত্বে ফিরে যেতে চায় না। দেশবাসী চায় সন্ত্রাস ও দুর্নীতির কলুষতামুক্ত একটি ন্যায়ভিত্তিক সুন্দর সমাজ ও উন্নয়নের পথে দ্রুত অগ্রসরমান আধুনিক বাংলাদেশ নির্মাণ করতে।
বাংলাদেশ আওয়ামী লীগ তাই নিছক ক্ষমতার রদবদলের জন্য নয়, দেশকে ভয়াবহ সংকট থেকে উদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন, গণতন্ত্র, শাস্তি ও প্রগতির পথে অগ্রসর করে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য আমরা আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য বা রূপকল্প, আগামী পাঁচ বছরে বাস্তবায়নযোগ্য কর্মসূচি এবং আশু ও জরুরি করণীয়সমূহ সংক্ষিপ্ত আকারে হাজির করেছি। আমরা মনে করি, ধর্ম-বর্ণ, শ্রেণী ও দলমত নির্বিশেষে সমগ্র দেশবাসীর সুদৃঢ় ঐক্য এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই উপরোক্ত কর্মসূচি ও অঙ্গীকারসমূহ বাস্তবায়ন করা সম্ভব।
আমরা বিশ্বাস করি, বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত দেশ পরিচালনায় যে অমূল্য অভিজ্ঞতা অর্জন করেছে, আগামী দিনে সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশকে সামনের দিকে অগ্রসর করে নিতে সক্ষম হবে ইন্শাআল্লাহ।
নতুন প্রজন্মের যে তরুণ-তরুণীরা এবার প্রথম ভোটার হয়েছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে প্রণীত ভিশন- ২০২১ আমরা তাদেরই উৎসর্গ করছি। বিশ্বায়নের এ যুগে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত করে গড়ে তোলার জন্য অপার সম্ভাবনাময় নতুন প্রজন্মের ভোটার তথা তরুণ- তরুণীদের শ্রম, মেধা, জ্ঞান ও মননকে আমরা কাজে লাগাতে চাই। তাদের জন্যই রচিত হয়েছে দিনবদলের সনদ আমাদের নির্বাচনী ইশতেহার ও কর্মসূচি। আমরা মনে করি, এ কর্মসূচি ও ভিশন-২০২১ বাস্তবায়নে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ এবং সম্পৃক্ততার ওপরই এর সাফল্য বহুলাংশে নির্ভর করছে।
সমগ্র জাতির সম্মিলিত প্রচেষ্টায় এই ইশতেহার বাস্তবায়ন করে আমরা নতুন প্রজন্মকে একটি সুন্দর ও সফল ভবিষ্যৎ উপহার দিতে চাই। নতুন প্রজন্মকে তাদের ভবিষ্যৎ নির্মাণ ও জাতি গঠনের এই মহৎ কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের বর্তমান তোমাদের ভবিষ্যতের জন্য উৎসর্গ করছি।

প্রিয় দেশবাসী,
আপনাদের মূল্যবান ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে সরকার গঠন করলে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে আমরা আপনাদের জীবনে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনবো।
দেশবাসীর কাছে আমাদের আহ্বান, আসুন সকল ভেদাভেদ ভুলে আবার আমরা মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠি, দিনবদলের সংগ্রামে ঐক্যবদ্ধ হই। শোষণ-বঞ্চনা, বৈষম্য ও দুঃশাসনের চির অবসান ঘটাই। একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও সহিষ্ণু সমাজ গড়ে তুলি। বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়ে তোলার সংগ্রামে নবজাগরণ সৃষ্টি করি। গড়ে তুলি বাঙালি জাতির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ। জনতার জয় সুনিশ্চিত। আল্লাহ আমাদের সহায় হোন।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।
