কর্মীদের কর্তব্য [ বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল ]

আমাদের আজকের আলোচনা বিষয় –কর্মীদের কর্তব্য। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

কর্মীদের কর্তব্য

 

কর্মীদের কর্তব্য

 

আজ সেইজন্য আওয়ামী লীগ কর্মীদের কাছে আমার কথা যে, তোমাদের কর্তব্য রয়েছে। স্বাধীনতা এনেছো। এবার খোদাকে হাজের নাজের রেখে এই প্রতিজ্ঞা করে যেতে হবে যে, বাংলার মানুষকে সুখী করতে হবে আমার। বাংলার দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াতে হবে, দুর্নীতি উৎখাত করতে হবে। শোষণহীন সমাজ করতে হবে। যে রাষ্ট্রীয় চার আদর্শ আছে তাকে পরিপূর্ণ করতে হবে। এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে হবে। তাহলেই তোমাদের আদর্শ পূর্ণ হবে, এর আগে নয়।

তোমাদের সেজন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন। তোমাদের আরো ত্যাগের প্রয়োজন। যারা ত্যাগ করে তারা জীবনভর করে। তোমরা ত্যাগ করছো আরও করবা। আর যারা মজা মারে তারা এমনিও মারে অমনিও মারে। সেজন্য তোমাদের কাছে আমার অনুরোধ আছে কর্মীরা তোমাদের কাছে আমার দাবী আছে। তোমরা জীবনে আমার চোখের সামনে কোনদিন কথা বল নাই। যা বলেছি তোমরা তাই করেছ।

 

তোমরা হাসতে হাসতে মৃত্যুমুখে দাঁড়িয়েছো । তোমরা পারবা না আমার কথা শুনতে? দুর্নীতি আমরা দেখব না, দুর্নীতি আমরা করব না, দুর্নীতি এ দেশ থেকে তাড়িয়ে দেব। তোমরা পারবা না এ দেশের মানুষকে ভালবাসবার? আমরা দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করব। এ দেশের মানুষ শান্তিতে ঘুমাতে চায়, আমরা শান্তি দেব। পারবা না তোমরা এ কাজ করতে। বল আমার কাছে । না পার আমাকে বিদায় দিয়ে দাও । আমি কিছু চাই না তোমাদের কাছ থেকে ।

সহকর্মী ভাইয়েরা, আমি বলে দিচ্ছি, আমি সেন্টিমেন্টালী বাংলাদেশের মানুষের সঙ্গে এটাচড্ কথাটা তোমাদের পরিষ্কার বলে দেবার চাই। তোমরা সকলে জান যে, প্রধানমন্ত্রিত্বের জন্য আমি রাজনীতি করি নাই। তোমরা জানতা, ইচ্ছা করলে আমি বহু আগে প্রধানমন্ত্রী হতে পারতাম। এ প্রধানমন্ত্রিত্ব আমার কাছে কাঁটা বলে মনে হয়।

 

কর্মীদের কর্তব্য

 

আমি যদি বাংলার মানুষের মুখে হাসি ফুটাতে না পারি, আমি যদি দেখি বাংলার মানুষ দুঃখী, আর যদি দেখি বাংলার মানুষ পেট ভরে খায় নাই, তা হলে আমি শান্তিতে মরতে পারবো না-পারবো না-পারবো না। আমার জীবন বৃথা হয়ে যাবে। আমার যৌবন কারাগারের অন্তরালে কাটিয়ে দিয়েছি এ দেশের মানুষের জন্য। আমি ওদের কাছে থাকতে চাই, ওদের কাছে থাকতে চাই, ওদের সঙ্গে সঙ্গে মরতে চাই, এর বেশী আমি আর কিছু চাই না ।

Leave a Comment