আত্মসম্মানের বিনিময়ে বন্ধুত্ব নয়

আমাদের আজকের আলোচনা বিষয় –আত্মসম্মানের বিনিময়ে বন্ধুত্ব নয়। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

আত্মসম্মানের বিনিময়ে বন্ধুত্ব নয়

 

আত্মসম্মানের বিনিময়ে বন্ধুত্ব নয়

 

যে চীন নিজেকে মহান দেশ বলে এবং দুঃখী মানুষের বন্ধু বলে গর্ব করে সে চীন সম্পর্কে আমার একটা কথা বলার আছে। চীনের সঙ্গে আমরা বন্ধুত্ব কামনা করি। কিন্তু আত্মসম্মান বিক্রি করে আমরা কারো সঙ্গে বন্ধুত্ব করতে চাই না। আমরা এমন কিছু করি নাই যে জন্য চীন বাংলাদেশের বিরুদ্ধে জাতিসংঘে ভেটো দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় চীন বাংলার বিরুদ্ধে ভেটো দিয়েছে। আমরা সেজন্য দুঃখিত।

তবুও চীন অনেক বড় দেশ, আমরা তাদের বন্ধুত্ব কামনা করি। কিন্তু চীন একটা সাম্রাজ্যবাদী ও ক্যাপিটালিস্ট দেশ পাকিস্তানকে সমর্থন করেছে। আর বাংলার সাড়ে সাত কোটি মানুষ যারা রক্ত দিয়ে বিপ্লব করে দেশকে স্বাধীন করেছে তারা যাতে জাতিসংঘে স্থান না পায়, সেজন্য চীন জাতিসংঘে ভেটো দিলো বাংলার বিরুদ্ধে ইতিহাস বড় তাৎপর্যপূর্ণ। যখন চীনের বিরুদ্ধে জাতিসংঘে ভেটো দেয়া হতো তখন এই বাংলার মানুষই বিক্ষোভ করতো।

 

আমি নিজে ঐ ভেটোর বিরুদ্ধে বহুবার কথা বলেছি। যে ভেটোর জন্য চীন ২৫ বৎসর জাতিসংঘে যেতে পারে নাই, দুঃখের বিষয় সেই চীন আজ ভেটো “পাওয়ার” হয়ে প্রথম ভেটো দিলো আমার বাংলাদেশের বিরুদ্ধে। তবুও আমি কামনা করি তাদের বন্ধুত্ব। অনেক বড় দেশ। দুশমনি করতে চাই না। বন্ধুত্ব কামনা করি। কারণ আমি সকলের বন্ধুত্ব চাই। কিন্তু জানি না, আমার এই কামনায়, আমার এই প্রার্থনায় তাঁরা সাড়া দেবেন কি-না। যদি না দেন কিছু আসে যায় না। ভুলে গেলে চলবে না যে, আমরা এত ছোট দেশ নই। বাংলাদেশ এতটুকু নয়। পপুলেশনের ভিত্তিতে বাংলাদেশ দুনিয়ার অষ্টম বৃহত্তম রাষ্ট্র।

আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। এ স্বাধীনতা আমরা আলোচনা করে বা রাউন্ড টেবিল কনফারেন্স করে আনি নাই। সেজন্য আজ আমাদের পরিষ্কার কথা-আফ্রিকা হোক, ল্যাটিন আমেরিকা হোক, আরব দেশ হোক, যেখানে মানুষ শোষিত, যেখানে মানুষ অত্যাচারিত, যেখানে মানুষ দুঃখী, যেখানে মানুষ সাম্রাজ্যবাদীর দ্বারা নির্যাতিত আমরা বাংলার মানুষ সেই দুঃখী মানুষের সাথে আছি এবং থাকব। আমাদের নীতির পরিবর্তন হবে না। আওয়ামী লীগের নেতারা এটা নিশ্চয়ই আপনাদেরও নীতি-আমাদের সরকারের তরফ থেকে এটা পালন করা হচ্ছে।

 

আত্মসম্মানের বিনিময়ে বন্ধুত্ব নয়

Leave a Comment