অন্যান্য ঘোষণা সমূহ

আমাদের আজকের আলোচনা বিষয় –অন্যান্য ঘোষণা সমূহ। যা বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষিপ্ত ইতিহাস ও নির্বাচিত দলিল এর একটি অংশ।

অন্যান্য ঘোষণা সমূহ

 

অন্যান্য ঘোষণা সমূহ

 

গৃহনির্মাণ

প্রাত্যহিক জীবনে বাসস্থান সমস্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিম্ন বেতনভুক্ত কর্মচারী ও গ্রামীণ বাসিন্দাদের বাসস্থান সমস্যার প্রতি সমধিক গুরুত্ব প্রদত্ত হইবে। বাসস্থানের সমস্যা সমাধান কল্পে সরকাকে নিম্নলিখিত পন্থাসমূহ গ্রহণ করিতে হইবে।

(ক) নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের জন্য শহরে বাসস্থান নির্মাণ ।

(খ) গ্রাম উন্নয়ন পন্থা উদ্ভাবনের মাধ্যমে নূতন পদ্ধতিতে গ্রাম্য বাড়ী-ঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা। যাহাতে ঐ বাসিন্দারা সহসা কোন প্রাকৃতিক দুর্যোগের শিকারে পরিণত না হয় ।

মহিলা সম্প্রদায়

আমাদের লোক সংখ্যার প্রায় অর্ধেকই মহিলা। শিক্ষার অভাবে তাহারা আমাদের সমাজে তাহাদের প্রকৃত দান হইতে বঞ্চিত রহিয়াছে। জীবনের সর্বক্ষেত্রে সমমর্যাদা এবং সুযোগ লাভের জন্য যত দ্রুত সম্ভব নারী শিক্ষার ব্যাপক প্রসার সাধন করিতে হইবে। পুরুষদের মতই চাকুরী ক্ষেত্রে সমপরিমাণ মাহিনা প্রদত্ত হইবে। মেধানুসারে প্রত্যেকটি সরকারী চাকুরীতে তাহাদের সম অধিকার থাকিবে।

যুবক এবং মুক্তিযোদ্ধা

আমাদের যুবকেরা মুক্তিযোদ্ধা। এক অত্যুজ্জ্বল আদর্শের প্রতি লক্ষ্য এবং সম্মান প্রদর্শন করিয়া দেশের স্বাধীনতা যুদ্ধে তাহরা ঝাঁপাইয়া পড়িয়াছিল। তাহাদের এই আদর্শকে দেশ গঠন এবং জাতি গঠনের কার্যে প্রকৃতভাবে খাটাইতে না পারিলে উহা দ্বিধা ও দ্বন্দ্বের পথ প্রশস্ত করিবে।

সুতরাং তাহাদিগকে জাতি গঠনের কর্মসূচীর সঙ্গে যেমন নিরক্ষরতা দূরীকরণ, সমাজ সংস্কারের কার্যাবলী এবং সমবায়ের প্রথা, গ্রামোন্নয়নের কার্যাবলী, শিল্প প্রতিষ্ঠান প্রভৃতি ক্ষেত্রে নিয়োজিত করিতে হইবে।

 

স্বাধীনতা যুদ্ধের শিকার

স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য একটি ধারাবাহিক কর্মসূচী গ্রহণ করা অপরিহার্য। স্বাধীনতা যুদ্ধে যাহারা পশুশক্তির শিকারে পরিণত হইয়াছেন বিশেষ করিয়া অকেজো মানুষ, বিধবা, অনাথ এবং যে সব মহিলা অমানুষিক নির্যাতনের শিকারে পরিণত হইয়াছেন, তাহাদের পুনর্বাসন প্রশ্নটি অপরিহার্য বলিয়া বিবেচিত হইবে। মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধে আহত অকেজো ব্যক্তিদের পুনর্বাসন এবং চাকুরী প্রদানের প্রশ্নটিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হইবে ।

পশ্চাদপদ অঞ্চলসমূহ

আমাদের দেশের অবহেলিত পাহাড়ী অঞ্চলসমূহকে দেশের অন্যান্য অঞ্চলের সমপর্যায়ে উন্নীত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হইবে। যাহাতে এইসব অঞ্চলের মানুষ দেশের অন্যূন অঞ্চলের বাসিন্দাদের মতই সর্বক্ষেত্রে সমভাবে সমুদয় সুযোগ-সুবিধা উপভোগ করিতে পারে।

বাংলা ভাষা ও সংস্কৃতি

স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমরা বাঙালী জাতির ভাষা ও সংস্কৃতিকে রক্ষা ও তার বিকাশ সাধন করিবার অধিকার ও সুযোগ অর্জন করিয়াছি। গণমানুষের আত্ম চেতনায় উদ্বুদ্ধ সাংস্কৃতিক বিকাশের মধ্যে সত্যিকারের বাঙালী জাতীয়তাবোধ যাহাতে রূপ পায় এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি যাতে গণমানুষের জয় যাত্রায় সহায়ক হয় সে কারণে আওয়ামী লীগ নিষ্ঠার সহিত কাজ করিয়া যাইবে।

বাঙালী জাতির ঐতিহ্যবাহী ইতিহাস সংরক্ষণ ও লিপিবদ্ধ করার কাজে বুদ্ধিজীবী মহল আত্মনিয়োগ করিবে এবং আওয়ামী লীগ সর্বপ্রকার সাহায্য ও সহায়তা দিবে। বাংলা ভাষা জাতীয় জীবনের সর্বস্তরে উপযুক্ত মর্যাদা লাভ করিয়াছে এবং রাষ্ট্রীয় ও সরকারী সংস্থায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত ভূমিকা পালন করিবে ।

 

অন্যান্য ঘোষণা সমূহ

 

প্রতিরক্ষা

দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করিবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। আমাদের সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে রাষ্ট্রের নিরাপত্তা বিধান করিতে হইবে।

স্থল বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে আমাদের দেশরক্ষা বাহিনী সুসংগঠিত করিতে হইবে। দেশরক্ষা বাহিনী গঠন করিবার সময় আমাদের অবশ্যই স্মরণ রাখিতে হইবে যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের গ্যারান্টি আমাদের সংগ্রামী জনতার ঐক্যের উপর নির্ভরশীল।

Leave a Comment