আজকে আমদের আলোচনার বিষয় মুজিবনগর সরকার গঠন
মুজিবনগর সরকার গঠন

মুজিবনগর সরকার গঠন
মুজিবনগর সরকার গঠন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। দেশী-বিদেশী ১২৭ জন সাংবাদিক ও কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল।
এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। এ সরকারের সদর দপ্তর প্রথম স্থাপিত হয় মুজিবনগরে (মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা)। পরবর্তীকালে স্বাধীনতাযুদ্ধ চলাকালীন সময়ে প্রধানত নিরাপত্তা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানের সুবিধার্থে এ সরকারের প্রধান কার্যালয় কলকাতায় স্থানান্তর হয়। কারণ মুজিবনগর সরকার শপথ গ্রহণের মাত্র ২ ঘন্টা পর পাকিস্তানি বাহিনীর বিমান মুজিবনগরে বোমা বর্ষণ করে এবং মেহেরপুর দখল করে নেয়।
১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৭ জন। এসময় মুজিবনগর সরকারের কাঠামো ছিল নিম্নরূপ:
রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (পাকিস্তান সামরিক শাসকদের হাতে বন্দি)।
উপ-রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম (বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি এবং পদাধিকারবলে সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব গ্রহণ)
প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমেদ
অর্থমন্ত্রী : এম. মনসুর আলী
স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী : এ.এইচ.এম. কামরুজ্জামান
পররাষ্ট্র ও আইন মন্ত্রী : খন্দকার মোশতাক আহমেদ
প্রধান সেনাপতি : কর্নেল (অব.) এম.এ.জি. ওসমানী, এম.এন.এ.
চিফ অব স্টাফ : কর্নেল (অব.) আবদুর রব
ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনী প্রধান : গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার
বিশেষ দায়িত্বে নিযুক্ত জনপ্রতিনিধিবৃন্দ
সাহায্য ও পুনর্বাসন : অধ্যাপক ইউসুফ আলী, এম.এন.এ.
তথ্য, বেতার ও প্রচার : আবদুল মান্নান, এম.এন.এ.
ভলান্টিয়ার কোর : আমিরুল ইসলাম, এম.এন.এ.
বাণিজ্য বিষয়ক বিষয়াদি : মতিউর রহমান, এম.এন.এ.
অস্থায়ী সচিবালয়ের সরকারি কর্মচারীবৃন্দ
সেক্রেটারি জেনারেল : রুহুল কুদ্দুস
ক্যাবিনেট সচিব : হোসেন তাওফিক ইমাম
অর্থ সচিব : খন্দকার আসাদুজ্জামান
প্রতিরক্ষা সচিব : আবদুস সামাদ
পররাষ্ট্র সচিব : মাহবুবুল আলম চাষী (নভেম্বর ১৯৭১, পদচ্যুত)
তথ্য ও বেতার সচিব : আনোয়ারুল হক খান
সংস্থাপন সচিব : নুরুল কাদের খান
কৃষি সচিব : নুরুদ্দীন আহমদ
স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধান : আবদুল খালেক
বহির্বিশ্বে বিশেষ দূত : বিচারপতি আবু সাঈদ চৌধুরী
নয়াদিলি-তে মিশন প্রধান : হুমায়ুন রশিদ চৌধুরী
কলিকাতার মিশন প্রধান : হোসেন আলী
পরিকল্পনা কমিশনের প্রধান : ড. মোজাফফর আহমেদ চৌধুরী
পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ : ড. মোশাররফ হোসেন
বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান : ড. এ. আর. মল্লিক
ইয়ুথ ক্যাম্প পরিচালক : উইং কমান্ডার এস. আর. মির্জা
১৯৭১ সালের ২০ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংগঠন ও কার্যাবলীর ওপর তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব একটি প্রতিবেদন পেশ করেন। এই প্রতিবেদনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে নিলিখিত মন্ত্রণালয়/বিভাগে সংগঠিত করা হয়েছিল:
১. প্রতিরক্ষা মন্ত্রণালয়
২. পররাষ্ট্র মন্ত্রণালয়
৩. অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়
৪. মন্ত্রিপরিষদ সচিবালয়
৫. সাধারণ প্রশাসন বিভাগ
৬. স্বাস্থ্য ও কল্যাণ বিভাগ
৭. তথ্য ও বেতার মন্ত্রণালয়
৮. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৯. ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়
১০. সংসদ বিষয়ক মন্ত্রণালয়
১১. কৃষি বিভাগ
১২. প্রকৌশল বিভাগ
মন্ত্রণালয়ের বাইরে আরও কয়েকটি সংস্থা ছিল যারা সরাসরি মন্ত্রিপরিষদের কর্তৃত্বাধীন কাজ করতেন, যেমন-
১. পরিকল্পনা কমিশন
২. শিল্প ও বাণিজ্য বোর্ড
৩. নিয়ন্ত্রণ বোর্ড, যুব ও অভ্যর্থনা শিবির
৪. ত্রাণ ও পুনর্বাসন কমিটি এবং
৫. শরণার্থী কল্যাণ বোর্ড।
সারসংক্ষেপ
মুজিবনগর সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলেও শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল। প্রথমে মোট ৭টি মন্ত্রণালয় নিয়ে সরকার গঠিত হয়। তবে মোট ৪ জন মন্ত্রী এই ৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সরকার গঠিত হলেও তাঁর অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি ও পদাধিকার বলে সশস্ত্রবাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি নিযুক্ত হয়েছিলেন আওয়ামী লীগ দলীয় এম.এন.এ. কর্নেল (অব) ওসমানী।
বহির্বিশ্বে সরকারের বিশেষ দূত নিযুক্ত হয়েছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। অক্টোবর মাসে মুজিবনগর সরকার সম্প্রসারিত হয় এবং ২০ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের এক প্রতিবেদনের মাধ্যমে তা প্রকাশ করা হয় ।
সহায়ক গ্রন্থপঞ্জি
১। প্রফেসর সালাহউদ্দীন আহমদ, মোনায়েম সরকার, ডঃ নুরুল ইসলাম মঞ্জুর সম্পাদিত, বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাস (১৯৪৭-১৯৭১), ঢাকা, আগামী প্রকাশনী, ১৯৯৭।
২। এম. আর. আখতার মুকুল, আমি বিজয় দেখেছি।
৩। এ.এস.এম. সামছুল আরেফিন সম্পাদিত, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান, ঢাকা, ইউপিএল, ১৯৯৫।
৪। হাসান হাফিজুর রহমান সম্পাদিত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিল পত্র, তৃতীয় খন্ড, ঢাকা, তথ্য মন্ত্রণালয়, ১৯৮২।

সংক্ষিপ্ত প্রশ্ন :
১। মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ও বিভাগসমূহের নাম লিখুন।
২। মুজিবনগর সরকার সম্পর্কে একটি টীকা লিখুন।
রচনামূলক প্রশ্ন :
১। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণের পর সরকারের কাঠামো কেমন ছিল?
২। মুজিব নগর সরকারের অস্থায়ী সচিবালয়ে কে কোন দায়িত্ব পালন করেছিলেন?
